বড়ো শীল বাড়ীর দুর্গাপুজো, চুঁচুড়া (হুগলি জেলা) Boro Sheel Bari Durga Puja, Chinsurah (Hooghly District)
বাংলার প্রাচীন জনপদ চুঁচুড়ার মাটিতে কান পাতলে শোনা যায় শতবর্ষের নানা অজানা গল্প। এই ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় জুড়ে রয়েছে শীলবাড়ির নাম। চৈতন্য শীলের অধস্তন ষষ্ঠ পুরুষ ছিলেন বিচক্ষণ নীলাম্বর শীল। অষ্টাদশ শতকে বর্গী ও ইংরেজদের রক্তচক্ষু এবং নানামুখী অত্যাচারের হাত থেকে বাঁচতে তিনি পরিবার নিয়ে আশ্রয় নেন তৎকালীন ওলন্দাজদের গুস্তাফ দুর্গের প্রাচীরঘেরা নিরাপদ চুঁচুড়া শহরে। ভাগ্যের চাকা ঘুরে যায় এখানেই; বাণিজ্যলক্ষী সদয় হন নীলাম্বরের ওপর। চুঁচুড়াতে পা রেখেই তিনি ও তাঁর বড় ছেলে জগমোহন শুরু করেন সরাফি ও মহাজনী কারবার। এই শহরেই গড়ে ওঠে তাঁদের মূল সরাফি কুঠি।
চুঁচুড়ার এই কুঠিকে ‘হেড অফিস’ বা প্রধান কার্যালয় হিসেবে রেখেই বাংলাজুড়ে ব্যবসার জাল বিস্তার করেন তাঁরা। একে একে কলকাতা, মুর্শিদাবাদ, বর্ধমান, কালনা, কাটোয়া, খিরপাই ও সুধাসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে গড়ে ওঠে নীলাম্বর শীলের একাধিক সরাফি শাখা বা কুঠি। এই সমস্ত কেন্দ্র থেকে প্রধানত হুন্ডির কাজ এবং বিভিন্ন ধরনের সোনা ও রূপোর মুদ্রা বিনিময়ের কারবার চালানো হতো। দূর-দূরান্তে এক কুঠির টাকা নিরাপদে অন্য কুঠিতে স্থানান্তরের জন্য নীলাম্বরের তিনটি বিশাল পালোয়ার নৌকা (বড় মালবাহী নৌকা) সবসময় প্রস্তুত থাকত। শুধু তাই নয়, নিরাপত্তার খাতিরে প্রত্যেক এলাকার কোতোয়ালি থানায় তাঁদের নিজস্ব টাকা রাখার লোহার সিন্দুক সুরক্ষিত থাকত। সে যুগে ব্যবসায়িক প্রতিপত্তি এতটাই আকাশছোঁয়া ছিল যে, কিংবদন্তি জগৎ শেঠের কুঠির পরেই মুর্শিদাবাদে অবস্থিত নীলাম্বর শীলের কুঠির নাম সারা বাংলা ছাড়িয়ে ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল। চুঁচুড়ায় পা রাখার মাত্র পাঁচ বছরের মাথায় ব্যবসা শিখর বা ‘পিক’-এ পৌঁছায়, যার ফলশ্রুতি হিসেবে ১৭৬৩ সালে তিনি নির্মাণ করেন চুঁচুড়ার এক বিশাল ও প্রকাণ্ড বাড়ি—যা আজ ‘বড় শীলবাড়ি’ নামে পরিচিত।
এই ঐতিহাসিক বড় শীলবাড়ির স্থাপত্যশৈলীতে ইন্দো-ডাচ প্রভাব অত্যন্ত স্পষ্ট। বাড়ির ঠিক মাঝখানে রয়েছে এক অপূর্ব সুন্দর ঠাকুরদালান, যা নীলাম্বর শীলের দ্বিতীয় পুত্র মদনমোহন শীলের তত্ত্বাবধানে ১৮০৩ সালে নির্মিত হয়েছিল। এই দালানের গ্রীক কারিন্থিয়ান শৈলীর সরু স্তম্ভের সারি এবং তার ওপর পঙ্খের কারুকার্যখচিত খিলানগুলির সৌন্দর্য আড়াইশ বছর পরেও দর্শনার্থীদের মুগ্ধ করে।
আজ এই ঐতিহ্যমণ্ডিত ঠাকুরদালানেই প্রতিবছর মহাসমারোহে ষোড়শোপচারে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। হুগলির বেনে পরিবারগুলি চৈতন্যদেবের আমল থেকেই বৈষ্ণব ভাবধারায় আস্থাশীল। সেই প্রাচীন ধারা মেনেই শীলবাড়ির দুর্গা প্রতিমা সম্পূর্ণ ব্যতিক্রমী—এখানে দেবীর কোনো অস্ত্র বা অসুর থাকে না। দশহাজারী রূপের বদলে দেবীর হাত মাত্র দুটি, যেখানে তিনি অভয়মুদ্রা ও বরদাত্রী রূপে শান্তি ও কল্যাণের প্রতীক। প্রাচীন ঘরানার একচালার এই প্রতিমায় শিব-দুর্গার সঙ্গে অবস্থান করেন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। তবে এই শিব-দুর্গা মূর্তির পুজো খুব বেশি প্রাচীন নয়; বর্তমান প্রজন্মের আগের প্রজন্মের হাত ধরেই ১৯৯৭ খ্রিষ্টাব্দে আজকের এই প্রতিমা পুজো শুরু হয়। এর আগে মূলত ঘটের মাধ্যমেই পুজো সম্পন্ন হতো। বর্তমানে ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে চারদিন ধরে চলে দুর্গোৎসব, আর এই চারদিনের উৎসবে জমজমাট হয়ে ওঠে হুগলির শীলবাড়ি।
যদিও বর্তমান সময়ে বড় শীলবাড়ির দুর্গাপুজো চুঁচুড়ার লোকসমাজে দারুণ জনপ্রিয় একটি গন্তব্য, তবুও এই পরিবারের আদি ও আসল পুজো আসলে কার্তিক পুজো। মদনমোহন শীলের সময় ঠাকুরদালান নির্মাণের দিন থেকেই এই কার্তিক পুজো হয়ে আসছে। পরিবারের পুরনো সদস্যদের কাছে আজকের দুর্গা দালানটি মূলত ‘কার্তিক দালান’ নামেই বেশি পরিচিত ছিল।
এই দীর্ঘ ইতিহাস ও পারিবারিক ঐতিহ্যের পরিক্রমায় যাঁর নাম না নিলে কথকতা অসম্পূর্ণ থেকে যায়, তিনি হলেন এই বংশের পরম কূলদেবতা শ্রীশ্রী শ্রীধর জীউ। সেই সুদূর অযোধ্যা থেকে আজকের চুঁচুড়া পর্যন্ত প্রায় বারোশ বছরেরও বেশি সুদীর্ঘ যাত্রাপথে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক নিরবচ্ছিন্ন ইতিহাসের অবিচ্ছেদ্য সাক্ষী হয়ে গোপালের মতো এই পরিবারের সহায় হয়ে আজও বিরাজ করছেন তিনি।
(English Version)
If you lean your ear to the soil of Chinsurah, an ancient settlement in Bengal, you can hear many unknown stories of the past. The name of the Sheel family is intertwined with a luminous chapter of this history. Nilambar Sheel, a sagacious man, was the sixth descendant of Chaitanya Sheel. In the 18th century, to escape the terrifying gaze and multifaceted oppression of the Bargis and the British, he took his family and sought shelter in the secure town of Chinsurah, surrounded by the walls of the then-Dutch Fort Gustav. The wheel of fortune turned right here; the goddess of wealth smiled upon Nilambar. Upon stepping into Chinsurah, he and his eldest son, Jagmohan, initiated banking and money-lending businesses. Their main banking house (sarafi kuthi) was established in this city itself.
Using this Chinsurah establishment as their "head office," they expanded their business network across Bengal. One by one, multiple banking branches or kuthis of Nilambar Sheel were established in important commercial centers such as Kolkata, Murshidabad, Burdwan, Kalna, Katwa, Khirpai, and Sudhasagar. These centers primarily handled 'hundis' (bills of exchange) and the exchange of various gold and silver coins. To safely transport money from one kuthi to distant locations, three massive palowar boats (large cargo boats) belonging to Nilambar were always kept ready. Not only that, for security reasons, iron safes containing their personal funds were kept secure within the police station (kotwali thana) of every region. Their business prestige in that era was so sky-high that, next to the legendary house of Jagat Seth, Nilambar Sheel’s kuthi in Murshidabad transcended the borders of Bengal to become renowned across various parts of India. Just five years after stepping into Chinsurah, their business reached its peak, as a result of which he constructed a massive and grand mansion in Chinsurah in 1763—today known as the "Boro Sheel Bari."
The architectural style of this historical Boro Sheel Bari bears a very distinct Indo-Dutch influence. Right in the middle of the house is an exquisitely beautiful thakurdalan (worship hall), which was constructed in 1803 under the supervision of Madanmohan Sheel, Nilambar Sheel’s second son. Even after two and a half years [centuries], the beauty of the Greek Corinthian-style slender pillar rows in this hall and the stucco-adorned arches atop them continue to fascinate visitors.
Today, in this heritage-rich thakurdalan, the Durga Puja is celebrated every year with grand festivity and sixteenfold offerings (shodashopachaare). The Bena families of Hooghly have held firm faith in the Vaishnavite ethos since the days of Chaitanya Dev. Respecting that ancient tradition, the Durga idol of the Sheel family is entirely exceptional—the goddess here has no weapons or demons. Instead of a ten-armed form, the goddess has only two hands, where she appears in the posture of fearlessness (abhayamudra) and wish-granting (varadatri), serving as a symbol of peace and well-being. Alongside Shiva and Durga, Kartikeya, Ganesha, Lakshmi, and Saraswati are positioned in this traditional single-frame (ekchala) idol. However, the worship of this Shiva-Durga imagery is not very ancient; this current form of idol worship began in 1997 through the generation preceding the present one. Prior to that, worship was primarily performed through a consecrated pitcher (ghat). Currently, the Durgotsav begins with 'Shashthi Bodhon' and spans four days, during which these four days of festivities enliven the Sheel Bari of Hooghly.
Although the Durga Puja of Boro Sheel Bari is currently a tremendously popular destination among the local society of Chinsurah, the original and primary puja of this family is actually Kartick Puja. This Kartick Puja has been held since the days of Madanmohan Sheel, starting from the very day the thakurdalan was constructed. To the older members of the family, today’s Durga Dalan was primarily known better by the name "Kartick Dalan."
In the course of this long history and familial heritage, the narrative would remain incomplete without mentioning the supreme family deity (kuladevata): Sri Sri Sridhar Jiud. Across a vast and unbroken journey of over twelve hundred years from distant Ayodhya to present-day Chinsurah, generation after generation, he has stood as an inseparable witness to an uninterrupted history, residing to this day as a supportive pillar for this family, much like Gopal.
Nice 👍
ReplyDeleteজেনে সমৃদ্ধ হলাম। 🙏🏽
ReplyDelete