বেলকুলাইয়ের দাসবাড়ির দুর্গাপুজো, হাওড়া (The Durga Puja of the Das Family of Belkulai, Howrah)
শরতের রোদ এসে পড়েছে প্রাচীন খিলানওয়ালা জানলায়। আলো-ছায়ার খেলায় আরও গম্ভীর হয়ে উঠেছে হাওড়ার পাঁচলা অঞ্চলের বেলকুলাই গ্রামের দাস পরিবারের প্রাসাদোপম অট্টালিকা। বিশাল বাড়ির ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে দৃষ্টিনন্দন স্তম্ভ, দীর্ঘ করিডোর আর বিস্তৃত উঠোন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে থাকা এই স্থাপত্যের পরিসর মনে করিয়ে দেয় একসময়ের বনেদিয়ানার কথা। বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ পাঁচটি খিলান ও শৈল্পিক স্তম্ভে সজ্জিত ঠাকুরদালান। দুর্গাপুজোর দিনগুলিতে এই দালানই হয়ে ওঠে বাড়ির প্রাণকেন্দ্র। ধূপের গন্ধ, প্রদীপের আলো আর মন্ত্রোচ্চারণে প্রাচীন অট্টালিকার পরিচিত পরিবেশ পায় অন্য এক মাত্রা। তবে বেলকুলাইয়ের দাসবাড়ির পরিচয় শুধু তার স্থাপত্যের আভিজাত্যে সীমাবদ্ধ নয়। এই বাড়ির দুর্গাপুজোর বিশেষত্ব তার বৈষ্ণবীয় রীতিনীতি, প্রজন্মান্তরে চলে আসা পারিবারিক বিশ্বাস এবং গ্রামের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। এখানে দেবী দুর্গা কেবল একটি পরিবারের আরাধ্যা নন, তিনি কার্যত গোটা গ্রামের আপনজন। ১৯৩৪ খ্রিষ্টাব্দে দাসবাড়িতে দুর্গাপুজোর সূচনা হয়। পরিবারের প্রবীণা ...