উত্তর হাওড়ার ঢ্যাং পরিবার: বাটখারা থেকে বনেদি দূর্গাপূজা, এক অসামান্য ঐতিহ্যের দেড়শো বছর (The Dhang Family of North Howrah: From Weights to a Venerable Durga Puja, One Hundred and Fifty Years of Extraordinary Heritage)
উত্তর হাওড়ার সালকিয়া অঞ্চলের এক আলোকিত ইতিহাস বহন করে চলেছে ঢ্যাং পরিবার এবং তাদের সুপ্রাচীন দুর্গাপূজা। যে পরিবারের পূর্বপুরুষের নাম অনুসারে হাওড়া স্টেশন থেকে সালকিয়া পেরিয়ে বাবুডাঙ্গার মোড়ের ডানদিকে বাঁক নেওয়া পথটি 'শ্রীরাম ঢ্যাং রোড' নামে পরিচিত, সেই ঢ্যাং বংশের শিকড় প্রোথিত ছিল হুগলি জেলার খানাকুলের নিকটবর্তী ঝিংড়া গ্রামে। যদিও এই বংশের মূল পদবী 'দে', কিন্তু 'ঢ্যাং' উপাধি প্রাপ্তির কারণ আজও লোকচক্ষুর আড়ালে। আদিপুরুষ গুরুদাস ঢ্যাং-এর পুত্র লক্ষ্মণ শাঁখার ব্যবসা করতেন। লক্ষ্মণ এবং তাঁর পুত্র শ্রীরাম ঢ্যাং প্রথম ঝিংড়া গ্রাম থেকে সালকিয়াতে এসে বসতি স্থাপন করেন। নতুন উদ্যোক্তা হিসেবে শ্রীরাম ঢ্যাং সালকিয়াতে প্রতিষ্ঠা করেন পিতলের ঢালাই কারখানা, যেখানে তিনি ওজন করার বাটখারা তৈরি করে দ্রুত উন্নতির শিখরে পৌঁছন। শ্রীরাম ঢ্যাং-এর পাঁচ পুত্র, দেবেন্দ্রনাথ, মহাদেব, শিবচন্দ্র, রাখালচন্দ্র এবং তারকনাথ, পিতার পদাঙ্ক অনুসরণ করে যৌথ ব্যবসায় নতুন মাত্রা যোগ করেন। তারা ঢালাই কারখানার পাশাপাশি তেল ও তুলোর ব্যবসা শুরু করেন এবং সুইডেনে তৈরি 'টেক্কামার...